গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধা এবং এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন এনসিপির কয়েকজন নেতাকর্মী স্টেডিয়ামে প্রবেশ করলে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
এরপর শরীফুল ইসলাম আকাশ নামের এক জুলাই যোদ্ধা এনসিপি ‘বয়কট’ বলে স্লোগান তুললে আরও কয়েকজন তার সাথে যোগ দেন। এই স্লোগানের প্রতিবাদ জানাতেই এনসিপি নেতাদের সাথে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এনসিপি বয়কটের স্লোগান দেওয়ার বিষয়ে জুলাই যোদ্ধা শরীফুল ইসলাম আকাশ বলেন, "জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মানজনক আচরণ করলে ছেড়ে কথা বলা হবে না। তারা আমাদের অসম্মান করায় আমরা এই স্লোগান দিতে বাধ্য হয়েছি।"
অন্যদিকে, এই ঘটনার বিষয়ে এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, "যে ছেলেরা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে, তারা হয়তো কোনো ক্ষোভ থেকে এটি করেছে। তবে এটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশ, এখানে যে কোনো বিষয়েই যে কেউ মতামত বা স্লোগান দিতেই পারে।"