পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বুধবার (৫ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতু সংলগ্ন নদী থেকে বিনয় রায় (১৫) নামের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে কাজিরহাটের ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে অপর স্কুলছাত্র প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিহতরা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা পরস্পর মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই কিশোর। সোমবার (৩ আগস্ট) দুপুরে তারা বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে তারা দুজনেই তলিয়ে যায়। স্থানীয়দের উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করলেও বিনয়ের সন্ধান মেলেনি। ফলে মঙ্গলবার সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়। পরদিন বুধবার বিকেল চারটার দিকে পদ্মা সেতুর কাছে মাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে উঠলে নৌ পুলিশ তা উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, "মাওয়া এলাকা থেকে নিখোঁজ কিশোর বিনয়ের মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"