সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম স্টেশন ছাড়ার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে দুপুর ১২টায় ছেড়েছে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস। নির্ধারিত সময়ের প্রায় পৌনে তিন ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন ম্যানেজারের কক্ষের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

আজ বুধবার সকালে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ট্রেনের ইঞ্জিন না আসায় যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার মুক্তকণ্ঠকে বলেন, "ইঞ্জিন সংকটের কারণে বিজয় এক্সপ্রেস ছাড়তে দেরি হয়েছে। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা স্টেশন ম্যানেজারের কক্ষের সামনে এসে প্রতিবাদ জানান। কেউ কেউ চিৎকার-চেঁচামেচিও করেন। পরে তাঁদের পরিস্থিতি সম্পর্কে জানানো হলে তাঁরা শান্ত হন। ইঞ্জিন পাওয়ার পর দুপুর ১২টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।"

যাত্রীদের অভিযোগ, বিজয় এক্সপ্রেসের নির্ধারিত সময়ে না ছাড়ার ঘটনাটি নতুন কিছু নয়। প্রায়ই ট্রেনটি এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ে। চট্টগ্রাম থেকে দেরিতে ছাড়ার ফলে জামালপুর থেকে ট্রেনটির পরবর্তী যাত্রার সময়সূচকেও প্রভাব পড়ে, কারণ জামালপুর পৌঁছানোর পর একই ট্রেন পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

যাত্রীদের ভাষ্যমতে, ট্রেনের এই অনিয়মের কারণে তাঁদের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে। এর ফলে অনেক জরুরি কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।