জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা রাখলেন কি–বোর্ডিস্ট, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব। এবার তিনি বাবা হলেন। গত বছর নীরবে বিয়ের পর এবার প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। ৪ আগস্ট রাতে ঢাকার গুলশানের একটি হাসপাতালে তাঁর স্ত্রী সূচনা তাসনীম কন্যাসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছে বলে জানান নিরব।

আজ বুধবার সকালে বাবা হওয়ার সুখবরটি জানান জাহিদ নিরব। তিনি বলেন, পরিবারের সবাই নতুন অতিথিকে ঘিরে ভীষণ আনন্দিত। তাঁদের মেয়ের নাম রাখা হয়েছে নাভিশা সারিন।

.১১ বছরের বন্ধুত্ব, ৩৮ দিনের প্রেম শেষে বিয়ে.

প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানিয়ে নিরব বলেন, ‘মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে, জীবনে নতুন এক আলো এসেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে সুস্থ, সুন্দর ও একজন ভালো মানুষ হয়ে বড় হতে পারে। আজকের আনন্দ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় প্রাপ্তির একটি।’

.

গত বছরের ২৩ অক্টোবর ঢাকার নিকেতনে নিরবের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতি সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন।

.কি–বোর্ড বাজিয়ে ৫০০ টাকা থেকে লাখ টাকার সম্মানী.

জাহিদ নিরবের স্ত্রী সূচনা তাসনীম আইন বিষয়ে পড়াশোনা করলেও বর্তমানে রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রায় ১১ বছরের বন্ধুত্বের সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।