পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অপর শিক্ষার্থীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম শ্রী প্রভাত সরকার (১৫), তিনি গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। নিখোঁজ রয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫)। তারা উভয়েই নবম শ্রেণির শিক্ষার্থী এবং পরস্পর মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে গিয়েছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। এসময় নদীর তীব্র স্রোতে তারা তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
মঙ্গলবার দিনভর তল্লাশি চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। তবে সন্ধ্যা পর্যন্ত বিনয় রায়ের কোনো সন্ধান মেলেনি। আলো স্বল্পতার কারণে সন্ধ্যার পর আনুষ্ঠানিক উদ্ধার অভিযান স্থগিত করা হলেও স্থানীয়রা ডিঙি নৌকা নিয়ে নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছেন।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, "নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। আলোকস্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়।"