নরসিংদীর মাধবদী এলাকায় এক ট্রাকচালকের মাথায় বিদেশি পিস্তল ঠেকিয়ে ছিনতাই করার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ছিনতাই করা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকায় এই অপরাধ সংঘটিত হয়। তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ট্রাকটির গতিরোধ করে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এরপর তারা চালকের কাছ থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মাধবদী থানার পাঁচভাগ শ্রীনগর এলাকার মৃত মিজানের ছেলে শুভ (২২) এবং একই এলাকার হালিম মিয়ার ছেলে ফাহিম (২৬)।

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি (৭.৬২ মিমি) এবং ছিনতাই হওয়া নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইন এবং দণ্ডবিধিতে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আগে আরও একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারী চক্রের বাকি সদস্যকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।