ঢাকার সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের পরিচালনা পর্ষদ পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা আপাতত স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে বর্তমান সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী সাবিনা সিদ্দিকাকে এই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, "মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন–সংক্রান্ত গত ২৩ জুলাইয়ের স্মারকপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নির্দেশনা মোতাবেক আপাতত স্থগিত করা হলো।"
এই বিষয়ে আজ বিকেলে নাজিম উদ্দিন আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, "বিষয়টি দুপুরের দিকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য এই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। সেই হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ২৪ এপ্রিল। তবে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই তাঁকে সরিয়ে সাবিনা সিদ্দিকাকে সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ফকির রফিকুল আলমের পরিবর্তে শিরিন আফরোজকে মনোনীত করা হয়।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে শিহাব উদ্দিন খান গত সপ্তাহে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। গতকাল সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ প্রদান করেন। রিটকারীর আইনজীবী নূর উল মতিন মুক্তকণ্ঠকে জানিয়েছেন, হাইকোর্ট তিন মাসের জন্য ২৩ জুলাইয়ের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ স্থগিত হওয়ায় শিহাব উদ্দিন খান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সাভারের সংসদ সদস্যের হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন শিহাব উদ্দিন খান। এছাড়া বিএনপির সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে গত ৯ জুলাই সাভারের গাজিরচট আকবর মন্ডল উচ্চবিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়। অন্যদিকে, তাঁর ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিনকেও গত জুন মাসে সাভারের শিমুলিয়া শ্যামা প্রসাদ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে। যদিও উচ্চ আদালতের রায় অনুযায়ী, সংসদ সদস্যরা পদাধিকারবলে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে নির্দেশনা স্থগিত হওয়ার বিষয়টি জানতে পেরেছেন মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম এ জামান।