পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে গইজপাড়া এলাকায় ওই নারীর ঘর থেকে জহিরুলকে হাতেনাতে আটক করে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল ও সংশ্লিষ্ট নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে নিয়ে আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্য, জহিরুল ইসলাম কেবল দলটির সমর্থক ছিলেন, সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, "দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"