জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাইলে সরকার তা মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
দেশে ফিরলে শেখ হাসিনাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে—এমন বক্তব্য দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘উনি (শেখ হাসিনা) বলছেন আসবেন। তো উনি আসুক, আমরা প্রস্তুত আছি।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা এসব কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, ‘আমরা ওনাকে চাইছি। আপনি আসুন। আমরা ভারতকে চিঠি লিখেছি। এই যে ভারতের হাইকমিশনার আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করছেন, প্রত্যেক জায়গা কী কথা ছিল—যে আনতে চাই এবং যতদিন উনি সেখানে আছেন, কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। ভারতের পার্লামেন্টের একটি কমিটি রিপোর্ট দিয়েছে, এবং তারা মনে করে, শেখ হাসিনার ওখানে রাজনীতি করা উচিত হবে না, সেই অনুমতি দেওয়া ঠিক হবে না।’
এরপর তিনি বলেন, ‘যাঁকে ধরে আনতে চাই...উনি বলছেন, আসবেন। তো উনি আসুক, আমরা প্রস্তুত আছি। এবং এটাও বলছি...আমরা তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করব। আইনগত যা যা, অবশ্যই গ্রেপ্তার হবেন। গ্রেপ্তারের হওয়ার পর উনার যা আইনগত অধিকার, উনি সেটা চর্চা করুন।...আদালত যে রায় দেবেন, সে মৃত্যৃদণ্ড বহাল, খালাস—যা–ই হোক, সেটা মেনে নিতে প্রস্তুত আছি।’
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমকে ইতিপূর্বে নির্দেশনা দেওয়ার প্রসঙ্গও টেনে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘শেখ হাসিনা আগামীকাল বুধবার বক্তব্য দেবেন। এটা যদি কেউ আগাম জানিয়ে প্রচার করে, সেটা অবশ্যই আদালতের রায় অমান্য করা হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, যেন এই কাজ কেউ (গণমাধ্যম) না করে।’