রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় বিএসটিআই-এর গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং লেবেলবিহীন দই ও মাঠা বিক্রির দায়ে অলিম্পিয়া সুইটস নামক প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অলিম্পিয়া সুইটসে বিএসটিআই-এর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করা হচ্ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটির ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যের কোনো লেবেল ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।