গাজীপুরের শ্রীপুরে পিস্তল দেখিয়ে স্ত্রীকে ভয় দেখানো এবং যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. রিপন মিয়া ও শামীমা দম্পত্তির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমন একটি ‘পিস্তল’ প্রদর্শন করে ভিডিও তৈরি করে টিকটকে নিজের আইডিতে ছড়িয়ে দেন। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালীন ভিডিওতে প্রদর্শিত পিস্তলটি উদ্ধার করা হয়। তবে পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়, বরং এটি একটি ‘পিস্তল সদৃশ লাইটার’। অভিযোগ উঠেছে, এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং নিয়মিত স্ত্রীকে ভয় দেখিয়ে যৌতুক দাবি করতেন।

এই ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, "টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে তিনি ভিডিও প্রচার করতেন। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"