নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) আটক করেছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অবিলম্বে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযুক্ত রিপন মিয়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কিছুদিন আগে তিনি পাশের নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন এবং সেখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

গ্রামবাসীদের দাবি, সম্প্রতি নন্দুরা গ্রামের ওই কিশোরীর সঙ্গে রিপন মিয়ার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গতকাল সোমবার (৩ আগস্ট) বিকেলে স্থানীয় লোকজন তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর তাকে আটকে রেখে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। উক্ত সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগেও স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল রিপন মিয়ার বিরুদ্ধে। সে সময় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে রিপন মিয়া তার মায়ের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন।

তবে এই সালিশ এবং আনুষঙ্গিক অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া গেছে।