চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় আটকে যাওয়া একটি কনটেইনারবাহী জাহাজ দীর্ঘ ১২ ঘণ্টা পর উদ্ধার করে সাগরে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জনবল deploying করে জাহাজটি উদ্ধার করা হয়।

গতকাল বেলা ২টা ১৫ মিনিটে সাগর থেকে বন্দরের জেটিতে যাওয়ার সময় স্টিয়ারিং বিকল হয়ে মোহনার এক পাশে আটকে যায় জাহাজটি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বন্দরের জ্যেষ্ঠ পাইলট এবং বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-২’, ‘কান্ডারী-৪’, ‘কান্ডারী-৬’ ও ‘কান্ডারী-১১’। এছাড়া উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবসা’, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ২টার দিকে জাহাজটিকে উদ্ধার করে সাগরে নেওয়া সম্ভব হয়।

উদ্ধার করা জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস, যা মাল্টার পতাকাবাহী। জাহাজটিতে আমদানি পণ্যের ১ হাজার ২৮২টি কনটেইনার এবং ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে এপিএল (বাংলাদেশ)।

বন্দর কর্তৃপক্ষের মতে, মূল পথে কোনো জাহাজ ডুবে গেলে পুরো বন্দর অচল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই জাহাজটি আটকে যাওয়ার পরপরই তা নিরাপদে সরিয়ে নিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে জাহাজটি সরিয়ে নেওয়ার ফলে বন্দরে চলাচলের পথ পুনরায় বিপদমুক্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম মুক্তকণ্ঠকে বলেন, “উদ্ধারকারী দল চরম ঝুঁকি সত্ত্বেও অসাধারণ দক্ষতা ও যৌথ সমন্বয় প্রদর্শনের মাধ্যমে রাতভর নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে জাহাজটি উদ্ধার করেন। জাহাজটি নিরাপদে বন্দরের বহির্নোঙর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে জাহাজটি আবার জেটিতে ভেড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”