বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সময়ে স্বস্তি দিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাকে করে এই মরিচ দেশে প্রবেশ করেছে। আমদানিকারক ও ব্যবসায়ীদের ধারণা, এই সরবরাহ অব্যাহত থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।
ভোমরা কাস্টম হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে। বন্দর-সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে, "প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ টন কাঁচা মরিচ আছে। প্রথম দিনেই প্রায় ১ লাখ কেজি, অর্থাৎ প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।"
আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। তাঁর আশা, বাজারে সরবরাহ বাড়লে কাঁচা মরিচের দামও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে বাজারে সরবরাহ কমে গেছে। মাত্র ১৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনে এর দাম ২৫০ টাকার বেশি হয়ে দাঁড়িয়েছে।
সাতক্ষীরা শহরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী মন্তব্য করেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে কাঁচা মরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।