গাজীপুরের শ্রীপুরে পিস্তল দেখিয়ে স্ত্রীকে ভয় দেখানো এবং যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পিস্তল প্রদর্শন করে আতঙ্ক ছড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ এই গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমন একটি ভিডিও তৈরি করে তাঁর টিকটক আইডিতে আপলোড করেন, যেখানে তাঁকে পিস্তল হাতে দেখা যায়। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায় এবং ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করে। তবে পুলিশ জানিয়েছে, "ভিডিওতে দেখানো পিস্তলটি উদ্ধার করে পুলিশ। পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়; এটি একটি ‘পিস্তলসদৃশ লাইটার’।"

অভিযোগ রয়েছে, এই লাইটারটিকেই পিস্তল হিসেবে দেখিয়ে ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং নিয়মিত তাঁর স্ত্রীকে ভয় দেখিয়ে যৌতুক দাবি করতেন।

এই ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে তিনি ভিডিও প্রচার করতেন। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"