খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। প্রায় ১৬ মাস আগে তার ছেলের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। ভুক্তভোগীর স্বামী চট্টগ্রামে একটি কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত থাকায় সেখানেই অবস্থান করেন।

অভিযোগ করা হয়েছে যে, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দেলোয়ার বিভিন্ন সময়ে একাধিকবার পুত্রবধূকে ধর্ষণ করেন। সামাজিক লোকলজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী নারী বিষয়টি গোপন রেখেছিলেন। তবে গত রোববার রাতে পুনরায় দেলোয়ার তাকে ধর্ষণ করলে তিনি অভিযোগ জানান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, "ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।"