কুমিল্লার দেবিদ্বারে ছাত্রলীগের (নিষিদ্ধ) ব্যানারে একটি মিছিলের ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। মালায় ২৩ জনকে নাম উল্লেখ ও ১৫/২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন সৌদি আরব ও কাতারে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

রোববার (৩ আগস্ট) দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অপু বড়ুয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ইউসুফপুর এলাকায় কুমিল্লামুখী লেনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৩৫-৪০ জন সক্রিয় সদস্য বেআইনিভাবে একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিলে তারা সরকারবিরোধী এবং বিভ্রান্তিমূলক বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পরে ভিডিও চিত্র দেখে এজাহারভুক্তি ২৩ জন আসামির পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মামলার ৬ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রুবেল দীর্ঘ দিন ধরে অবস্থান করছেন কাতারে। ৭ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম ও ৯ নম্বর আসামি পৌর ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাওন আছেন সৌদি আরবে।

সাইদুলের ছোট ভাই মিজানুর রহমান বলেন, আমার ভাই গত বছরের ৩১ মে সৌদি আরব গেছে। সে দেশে এসে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে বলে সোমবার জানতে পেরে আমার বিস্মিত।

কাতার থেকে ফেসবুকে লাইভে ইকবাল হোসেন রুবেল বলেন, ‘যাচাই-বাছাই ছাড়া মামলা দিতে গিয়ে বিদেশে থাকা আমিসহ তিন বন্ধুকে পুলিশ মিথ্যা মামলায় আসামি করেছে। আমার মনে হয় পুলিশ ঘুমিয়েও আমাদেরকে দেখে। পুলিশ মিছিলের যে ভিডিও সূত্র ধরে আসামি শনাক্তের কথা বলছে সেখানে আমরা তিন প্রবাসীসহ অধিকাংশ আসামি উপস্থিত ছিলেন না।’

অপর আসামি শাওনের মা ফেরদৌসি আক্তার বলেন, গত বছরের ১৫ জানুয়ারি আমার ছেলে সৌদি আরবে যায়। এখন জানলাম সে মিছিল করায় তাকে মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর ৮ নম্বর আসামি স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকারসহ তিনজনকে গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করা হয়।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত মামলা নিতে হয়েছে। তাই আসামিদের কেউ বিদেশে আছেন কি না তা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তদন্তে বিষয়টি সুরাহা হবে।