পটুয়াখালী শহরের সদর রোড সংলগ্ন একটি পতিতালয় থেকে রাসেল ওরফে কালা রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় মনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী নাজমার কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে রাসেল নাজমার কক্ষে প্রবেশ করেন। সেখানে প্রবেশের প্রায় ৩০ মিনিট পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানান, পাশের কক্ষ থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, নাজমার কক্ষে থাকা ব্যক্তি গোসলের প্রস্তুতির সময় দুইবার ঢেকুর তোলার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"