বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ সদর দপ্তরে এই দুই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার প্রতারণা প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা রুখতে এফবিআইয়ের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

অন্যদিকে, একই দিনে আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আইসিআরসির প্রতিনিধিদলের প্রধান রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি জন–আস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবাধিকার ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে আইসিআরসির উদ্যোগের প্রশংসা করেন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উভয় বৈঠক চলাকালীন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।