মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছগ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে সোহাগী (১৯) নামে এক নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোসল করতে নেমে সোহাগী নদীতে নিখোঁজ হন। এই ঘটনার খবর পাওয়ার পরপরই কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে নদীটির প্রায় ৪০ ফুট গভীর থেকে ঝুঁকি নিয়ে সোহাগীর মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার অভিযান শেষে মরদেহটি নৌ পুলিশ এবং নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।