অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এই পরিস্থিতিতে সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "ইতিমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।"

তবে কোনো গ্রাহকের যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকে, তবে তা প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, যথাযথ আবেদনের ভিত্তিতে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।