উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, নিরাপদ ও বাসযোগ্য অঞ্চলে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় পাইকগাছা উপজেলার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) অডিটরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
ফাহমিদা হক বলেন, "উপকূলের টেকসই উন্নয়নে বেড়িবাঁধ নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ইতিমধ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।"
বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন তিনি। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ফাহমিদা হক বলেন, "অতীতে দেশ কঠিন সময় পার করেছে। এখন মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের ঘোষিত অবস্থান বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।"
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি মাদক ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। সরকারি খালগুলো দখলমুক্ত করে পর্যায়ক্রমে খননের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, "অপরাধী আমার দলের হলেও কোনো ছাড় পাবে না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য ফাহমিদা হক। পরবর্তীতে তিনি উপজেলা মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।