বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকায় রাস্তার পাশে খোলা আকাশের নিচে সরকারি দুস্থদের জন্য বরাদ্দ করা শত শত কম্বল বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে কম্বলগুলোর ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে তীব্র আলোড়নের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে বিপুল পরিমাণ কম্বল পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় অধিবাসীরা। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, মৃত বাদশা হাওলাদারের ছেলে শাওন সজলের ব্যবহৃত একটি গোডাউন থেকে কম্বলগুলো বের করে সেখানে রাখা হয়েছে। কম্বলগুলোর গায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও সরকারি সিল থাকায় তা নিয়ে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শাওন সজল বলেন, "ঘরটি আমার ছোট ভাই দুবাই প্রবাসী আতিকুরের। দীর্ঘদিন ঘরটি পরিত্যক্ত ছিল। স্থানীয় একটি ক্লাবের সংস্কারকাজ চলাকালে ক্লাবের সদস্যরা সেখানে কম্বলগুলো রেখেছিলেন। সম্প্রতি ঘরটি ভাড়া দেওয়া হলে তারা কম্বলগুলো বের করে বিএনপি অফিসের সামনে পলিথিন দিয়ে ঢেকে রেখে যান। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।"
স্থানীয়দের ধারণা, আওয়ামী লীগ সরকারের সময়ে তৎকালীন কয়েকজন নেতার মাধ্যমে কম্বলগুলো সরকারি গুদাম থেকে সরিয়ে ওই গোডাউনে রাখা হয়েছিল।
বিষয়টি নিয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, "ইউএনও সাহেবের নির্দেশনা পেলেই পুলিশ তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।"
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, "কার মাধ্যমে বা কী কারণে কম্বলগুলো ওই গোডাউনে রাখা হয়েছিল এবং কেন তা রাস্তায় ফেলে রাখা হলো, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। সরকারি সম্পদ দ্রুত উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"