চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় গ্রাউন্ডেড হয়ে আটকে গেছে একটি কনটেইনারবাহী জাহাজ। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে বন্দরের জেটিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনার ফলে বন্দরে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আটকে পড়া জাহাজটির নাম এমভি সিএনসি ইউরেনাস। মাল্টার পতাকাবাহী এই জাহাজটিতে ১ হাজার ২৮২টি কনটেইনার রয়েছে।
ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম মুক্তকণ্ঠকে বলেন, "বেলা ২টা ১৫ মিনিটের দিকে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসে কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়।"
জাহাজটিকে উদ্ধারের জন্য বর্তমানে তৎপরতা চলছে। এই লক্ষ্যে ঘটনাস্থলে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ নামের দুটি টাগবোট মোতায়েন করা হয়েছে। জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, সাধারণত ভাটার সময়ে এই নৌপথে বড় জাহাজের চলাচল বন্ধ থাকে। তবে জাহাজটি আটকে গেলেও বন্দরের সামগ্রিক জাহাজ চলাচল কার্যক্রম সচল রয়েছে।