ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর পৈতৃক বাড়িতে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিল শেষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এবং নিহত শিক্ষকের স্বামী মনসুর হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাহেরীন চৌধুরী গুরুতর দগ্ধ হন। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে নিজ গ্রাম বগুলাগাড়ীতে তার বাবা মোহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে সমাহিত করা হয়।
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খালাতো ভাই মরহুম মোহিতুর রহমান চৌধুরীর বড় মেয়ে ছিলেন মাহেরীন চৌধুরী। তিনি স্থানীয় বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।