লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এই অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন মিলেনিয়াম হাসপাতালে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে রোগীদের পরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তার সাথে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার জানান, "স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, অবৈধ কার্যক্রম বন্ধ ও রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা দিতে এ অভিযান চালানো হয়েছে।"

তিনি আরও জানান, জনস্বার্থে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।