নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জালে পুলিশের একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। পুলিশ অস্ত্রটির রেজিস্টার যাচাই করে নিশ্চিত করেছে যে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।
সোমবার সকাল আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুকুরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেললে হঠাৎ একটি শর্টগান জালে আটকে আসে। বিষয়টি জানাজানি হওয়ার পর আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এত দিন সেখানে পড়ে ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।"