আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হলেও সব শ্রেণি-পেশার মানুষ এই ছুটির সুবিধা পাবেন না। বিশেষ করে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের কর্মীদের স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত হয়েছে। এই ছুটির পাশাপাশি বৃহস্পতিবারের ছুটির কারণে সরকারি চাকরিজীবীদের অনেকেই টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

তবে এই সাধারণ ছুটির আওতাভুক্ত হবেন না হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ প্রতিষ্ঠান, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্টের সরকারি ছুটির দিনে দেশের তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ ছিল। সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চলতি বছর ৫ আগস্টের ছুটির বিষয়ে বিজিএমইএ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।