৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের বড় তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, দলটির নেতাকর্মীরা বর্তমানে বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

দেশের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।"

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তিনি আরও জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় সরকার নিযুক্ত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।"

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি—উভয় পথেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।