কারিগরি ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। ৩৮ ঘণ্টা পর সোমবার (৩ আগস্ট) উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

ঘটনা প্রসঙ্গে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক মুক্তকণ্ঠকে বলেন, "শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে কেন্দ্রের একটি পাম্প বন্ধ হয়ে যায়। পরে দ্রুত ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করা হয়। মেরামত শেষে রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে এখান থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।"

বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ ও ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। এর মধ্যে ২৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ৩ নম্বর ইউনিটটি থেকে বর্তমানে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। অন্যদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে।