কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দুই দেশের দর্শকের কাছে ‘পাখি’ নামেই পরিচিত। এবার সেই পরিচয়ের বাইরে গিয়ে নতুন স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রাখছেন তিনি। প্রথম বাংলাদেশি সিনেমা ‘গুলশানের চামেলি’–এর মহরতে ঢাকায় এসে মধুমিতা বলেন, ‘১০ থেকে ১২ বছর ধরে আপনারা আমাকে “পাখি” হিসেবে চিনেছেন। এবার আমি চাই, আপনারা আমাকে “চামেলি” হিসেবে চিনুন ও ভালোবাসুন।’ দর্শকদের ভালোবাসায় আপ্লুত মধুমিতার বিশ্বাস, এই নতুন যাত্রাটিও সবার মনে থাকবে।
গতকাল শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম বাংলাদেশে আসা, মানুষের ভালোবাসা এবং নতুন পথচলার বিষয়ে কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে ওঠেন মধুমিতা। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি একটা কথাই বলব—এতটা ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক আপ্লুত। এত পজিটিভিটি আর শুভশক্তি নিয়ে যখন যাত্রা শুরু করছি, এর চেয়ে ভালো আর কী হতে পারে! সবার এত আশীর্বাদ পাচ্ছি, সিনেমাটা ভালো হতে বাধ্য।’
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যান মধুমিতা সরকার। সেই স্মৃতি টেনে এনে তিনি জানান, এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে চান। মধুমিতা বলেন, ‘আপনারা ১০ থেকে ১২ বছর ধরে আমাকে “পাখি” হিসেবে চিনেছেন। এবার আমি চাই, আপনারা আমাকে “চামেলি” হিসেবে চিনুন ও ভালোবাসুন। সত্যি নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। সবার ভাগ্যে এমন ভালোবাসা জোটে না।’
বাংলাদেশে আগেই কাজ করার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। তবে নানা কারণে এত দিন তা সম্ভব হয়নি। এবার সঠিক সময় ও পছন্দের একটি সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন মধুমিতা। তাঁর ভাষ্য, ‘অনেক বছর ধরেই বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। এবার এই সিনেমার মাধ্যমে এলাম। এত দারুণ কাস্ট অ্যান্ড ক্রু পেয়েছি যে মনে হচ্ছে, যা হয় মঙ্গলের জন্যই হয়। আপনারা যে বিশ্বাস ও সম্মান নিয়ে আমাকে এনেছেন, আমি যেন কাজের মাধ্যমে তার মর্যাদা রাখতে পারি।’
‘গুলশানের চামেলি’–এর মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের। ছবিটিতে আরও অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা ও মিশা সওদাগর প্রমুখ। এই ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।