দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করে দ্রুত ইউনিটটি পুনরায় চালুর আশা করছেন কর্তৃপক্ষ।
রোববার (২ আগস্ট) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (১ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটে কেন্দ্রটির ওই ইউনিটে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্র সূত্রে আরও জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিটটি থেকে দৈনিক ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। বর্তমানে কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে, যেখান থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। অন্যদিকে, ১২৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে।
এই বিষয়ে প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, "শনিবার ভোরে একটি পাম্প বন্ধ হয়ে যাওয়ায় ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন থমকে যায়। ইতোমধ্যে ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ইউনিটটি আবার সচল করা হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করবে।"