বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের চার সরকারি কৌঁসুলি একযোগে তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোস্তাইন বিল্লাহ ও রফিকুল ইসলাম স্বপন এবং সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এপিপি মোস্তাইন বিল্লাহ বলেন, "ব্যক্তিগত চেম্বারের প্র্যাকটিস ও পেশাগত কাজের পাশাপাশি সরকারি দায়িত্ব পালন করা বেশ কঠিন হয়ে পড়ছিল। তাই সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, "চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র আমরা গ্রহণ করেছি। বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"