রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন অতর্কিত হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার বিকেলে উত্তরখানের রাজাবাড়ি এলাকার অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস এলাকায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ আজ বিকেলে গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি গার্মেন্টস কোম্পানির ‘সন্ত্রাসী’রা অতর্কিত হামলা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সকালে ওই এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নেপচুন অ্যাকসেসরিজ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে ঘটনার তদন্তে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, স্থানীয় থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে সংশ্লিষ্টদের কাছে ঘটনার জবাবদিহি চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করা হয়। সেই মুহূর্তে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্যের সামনেই গার্মেন্টস মালিকপক্ষের ‘ভাড়াটে সন্ত্রাসী’রা অতর্কিত হামলা চালায়, যাতে কয়েকজন আহত হন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।

হামলার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত–বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এসময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, "হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেপচুন অ্যাকসেসরিজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।