দেশের সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বর্তমান বিএনপি সরকার দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এর ফলে দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য সমস্যার সমাধান করা সম্ভব হবে। শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিচার বিভাগকে স্বাধীন ও প্রভাবমুক্ত রেখে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে পারলে জনগণ সবচেয়ে বেশি সুফল ভোগ করবে বলে তিনি মনে করেন।

বিএনপির মহাসচিব বলেন, প্রশাসনকে দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারলে রাষ্ট্র আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর ও সক্রিয় করার মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও সুদৃঢ় করার কথা বলেন তিনি। এছাড়া ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।