সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে এবং তার জামিন বাতিলের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা জেনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে আমরা আশাবাদী।"
তিনি আরও উল্লেখ করেন, "আমরা ল’ ফার্ম নিয়োগ করেছি। আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত জামিন বাতিল করতে পারব এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব।"
অন্যদিকে, বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তাদের কাছে এ সংক্রান্ত কোনো দাপ্তরিক তথ্য নেই। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, "এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।"
মুক্তকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি ব্যতীত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না, ফলে জামিনে মুক্ত হলেও বর্তমানে তার দেশত্যাগের সুযোগ নেই।