যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র ও তালা কাটার বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের মো. উজ্জ্বল হোসেন, হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের মো. আনারুল ইসলাম এবং একই এলাকার মো. তোফাজ্জেল হোসেন।

পুলিশ জানায়, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল স্থানীয় লোকজন ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। দরজা খুললে একজন নিজেকে বিজিবির সদস্য হিসেবে পরিচয় দেন। ঘরে প্রবেশ করে আরও দুইজনকে পাওয়া যায়। তাদের পরিচয়পত্র দেখতে চাইলে কেউই তা দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, বিজিবির পোশাক পরে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করতেন।

অভিযানে উজ্জ্বল হোসেনের কক্ষ থেকে বিজিবির এক সেট পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়। উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম ও তাদের অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।