স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিটি থানায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং এসব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনা করা হবে।

রোববার (২ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

ডায়াবেটিস সমিতির আয়োজনে এবং নেপালের সহযোগিতায় এই বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, "ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার কাজ করছে। ইতিমধ্যে ২৫০ শয্যার জেলা হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "ঠাকুরগাঁওয়ের মানুষ অত্যন্ত উদ্যোগী ও পরিশ্রমী। যেসব মানুষ সহজে চক্ষু বিশেষজ্ঞের সেবা পান না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প একটি বড় সুযোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা নিতে পারবেন।"

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনআইএসের চেয়ারপারসন অধ্যাপক ডা. চেতরাজ প্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ জেলার চিকিৎসক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।