সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক স্থান থেকে স্থানীয়রা দুইজনের ভাসমান মরদেহ খুঁজে পান। মৃতরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ এবং একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।

এর আগে শনিবার ডুবুরিদল ওই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় এক হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতার কেটে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে শনিবার সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছিল।

একই গ্রামের চারজনের মৃত্যুতে পূর্ব ভবানীপুর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। নৌকাডুবিতে বেঁচে ফেরা নিশি দেবনাথ বলেন, "এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। বাতাসের কারনে নৌকা ডুবে যায়। উপার্জনশীল মানুষ হারিয়ে চারটি পরিবার সাগরে পড়েছে।"

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, "গতকাল দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। আজ সকালে হাওর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"