লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশালাকার হিলা মাছ। পরবর্তীতে স্থানীয় মৎস্যঘাটে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার (২ আগস্ট) সকালে মেঘনায় এই বড় হিলা মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাতাব্বরহাট ঘাটে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। উপস্থিত অনেকেরই দাবি, এত বড় আকৃতির হিলা মাছ তারা আগে কখনও দেখেননি। এসময় অনেককে মাছটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে দেখা যায়।

মাছ ধরা জেলেরা জানান, মেঘনায় দীর্ঘদিন ধরে মাছ ধরলেও এত বড় হিলা মাছ সচরাচর জালে পড়ে না। এমন মাছ পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, লক্ষ্মীপুরের মেঘনা নদীতে এত বড় হিলা মাছ ধরা পড়ার ঘটনা বিরল, যার ফলে দিনভর মাছটি হয়ে ওঠে এলাকাবাসীর আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু।

নিলামে মাছটি কিনে নেওয়া ক্রেতা আলী মাঝী বলেন, "সচরাচর এত বড় হিলা মাছ বাজারে পাওয়া যায় না। তাই বিশেষ আগ্রহ থেকেই তিনি নিলামে ডাক তুলে ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।"

এই বিষয়ে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, "মেঘনা নদীতে এমন বড় আকারের মাছ ধরা পড়াটা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। সরকারি নিষেধাজ্ঞা ও নিয়মকানুন মেনে জেলেরা মাছ আহরণ করলে ভবিষ্যতে মেঘনায় এ ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া সম্ভব হবে।"