নীলফামারীতে আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান রোববার (২ আগস্ট) সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি ছিট ইটাখোলা শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী তার বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজারে গিয়েছিলেন। সেই সময় আসামিরা স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষকে এলোপাতাড়ি মারধর করে। এসময় কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি দিয়ে তাকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগে জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "শনিবার সিদ্দিক হত্যা মামলায় আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।"