সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হিরণ নামের এক ব্যক্তির ঝুটের গুদামে প্রথম আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গুদামে হঠাৎ আগুন ধরে যা মুহূর্তের মধ্যেই আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পাওয়ার পরপরই সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ঘটনা প্রসঙ্গে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।"

তবে আগুনের প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কাজ পুরোপুরি শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।