ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, "জুলাই নিয়ে কথা বলা কোনো ব্যবসা নয়। শহীদদের আত্মত্যাগ ও তাদের স্বপ্ন বাস্তবায়নের বিষয়টি আমরা সবসময় তুলে ধরব।"
শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা এনসিপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা মিতু ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, তাই তার ফিরে আসার কথা বলে কেউ যেন বিভ্রান্ত না হয়। তার ভাষ্য, তারা বিচারের মাধ্যমে শেখ হাসিনার জবাবদিহি নিশ্চিত করতে চান।
বিএনপির সমালোচনা করে মাহমুদা মিতু স্পষ্ট করে বলেন, জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কথা বলা থেকে এনসিপিকে কেউ বিরত রাখতে পারবে না। তবে তিনি উল্লেখ করেন, বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া দেশের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন।
এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, "আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবে না। তারা জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।"
তিনি আরও জানান, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারই এনসিপির মূল লক্ষ্য। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, দলের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুবশক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী।
সভায় উপস্থিত বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।