চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৪২৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আটক হওয়া ওই যাত্রী একজন ভারতীয় নাগরিক। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা বলে জানানো হয়েছে।
বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই)-এর একটি যৌথ দল তল্লাশির মাধ্যমে এই সোনা উদ্ধার করে। আটক যাত্রীর নাম তামিম আনসারী, যার বাড়ি ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত এবং এই রুটে নিয়মিত যাতায়াত করেন।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে তল্লাশি করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতরে পেস্ট আকারে লুকিয়ে রাখা ৯টি সোনার টুকরা পাওয়া যায়। সব মিলিয়ে সোনার মোট ওজন ৪২৭ গ্রাম।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "উদ্ধার করা সোনার চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "সোনা চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধে বিমানবন্দরে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।"