সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে হিরণ নামের এক ব্যক্তির ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হিরণের গোডাউনে হঠাৎই আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের আবাসিক বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ঘটনা প্রসঙ্গে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আরও দুটি ইউনিট আসার প্রক্রিয়ায় আছে। আমরা কাজ করে যাচ্ছি।"

প্রাথমিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।