পর্যটন নগরী খাগড়াছড়িতে প্রতিদিন বাণিজ্যিক ট্রাক ও পর্যটকবাহী বাসের ব্যাপক আনাগোনা থাকলেও দীর্ঘ সময় ধরে কোনো আধুনিক ও নির্ধারিত বাস-ট্রাক টার্মিনাল গড়ে ওঠেনি। ফলে চালকরা বাধ্য হয়ে শহরের বিভিন্ন সড়কের দুই পাশে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন পার্কিং করছেন, যা প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি করছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জেলায় নির্দিষ্ট টার্মিনাল না থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটক ও চালকরা নানা সমস্যায় পড়ছেন। নিরাপদ পার্কিংয়ের পাশাপাশি বিশ্রাম নেওয়া এবং ব্যবহারযোগ্য ওয়াশরুমের মতো মৌলিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

পর্যটকবাহী বাসচালক মো. মুন্না বলেন, "দীর্ঘ পথ গাড়ি চালিয়ে খাগড়াছড়িতে আসি। কিন্তু গাড়ি রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই। বাধ্য হয়ে রাস্তার পাশে গাড়ি পার্কিং করতে হয়। সবসময় দুর্ঘটনার ভয় থাকে। আধুনিক টার্মিনাল হলে চালকদের অনেক উপকার হতো।"

একই সঙ্গে ট্রাকচালক মো. হানিফ বলেন, "মালামাল নিয়ে এসে কোথাও নিরাপদে ট্রাক রাখার সুযোগ নেই। সারারাত গাড়ি চালিয়ে আসার পর বিশ্রাম নেওয়া বা ফ্রেশ হওয়ারও ব্যবস্থা নেই। একটি টার্মিনাল হলে চালক ও যাত্রী দুই পক্ষই উপকৃত হবে।"

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালু মুক্তকণ্ঠকে বলেন, "পর্যটন নগরী হওয়ায় খাগড়াছড়িতে ৬৪ জেলার গাড়ি আসা যাওয়া করে। দীর্ঘদিন ধরে আমরা নির্ধারিত একটি আধুনিক বাস-ট্রাক টার্মিনালের দাবি জানিয়ে আসছি। নির্ধারিত টার্মিনাল না থাকায় যানবাহন সড়কের পাশে রাখতে হচ্ছে, যা যানজট ও জনদুর্ভোগ বাড়াচ্ছে। আমাদের বিষয়টি পৌর প্রশাসন ও জেলা প্রশাসন আমলে নিয়ে আমাদের জন্য যৌথভাবে একটি উপযুক্ত জায়গায় টার্মিনাল নির্মাণ করলে চালক, মালিক, যাত্রী এবং পর্যটক সবাই উপকৃত হবেন।"

এই বিষয়ে খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার মুক্তকণ্ঠকে বলেন, "আধুনিক টার্মিনাল নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উপযুক্ত জায়গা নির্ধারণ এবং প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে।"

অন্যদিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত মুক্তকণ্ঠকে বলেন, "খাগড়াছড়ি জেলার যানবাহন ব্যবস্থাপনা উন্নয়ন এবং পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে নির্ধারিত টার্মিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করব। বিষয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য স্থান নির্ধারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়দের মতে, পর্যটনবান্ধব জেলা হিসেবে খাগড়াছড়িতে একটি আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল এখন সময়ের দাবি। এতে যেমন সড়কের যানজট কমবে, তেমনি চালক, যাত্রী ও পর্যটকদের জন্য নিরাপদ পার্কিং, বিশ্রামাগার ও ওয়াশরুমসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত হবে।