প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি পেলে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের প্রক্রিয়ার পাশাপাশি বগুড়াকেও বিভাগ করার উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

বগুড়া বিভাগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "বগুড়া বিভাগ নিয়ে এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়নি। পুরোনো দুটি প্রস্তাবিত বিভাগ—কুমিল্লা ও ফরিদপুর অনেক দূর এগিয়ে আছে। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে কুমিল্লা ও ফরিদপুরের সঙ্গেই বগুড়ার বিভাগীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।"

বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ ও পরিচর্যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের লক্ষ্যমাত্রা পাঁচ কোটি গাছ হলেও ইতিমধ্যে প্রায় ৬ কোটি ৮০ লাখ গাছ রোপণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষমেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিবগঞ্জ জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।