গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় কানাইখালী এলাকায় ফিরে আসে এবং সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু বিএনপি জোট সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। অথচ জুলাই শহীদদের কারণেই তারা আজ সরকারি দল হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে। বিএনপি সরকার গঠনের পর তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ। আপনারা জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। না হলে জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো পরিণতি করবে।"

সরকারকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, "দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন তেল, গ্যাস, বিদ্যুৎ, বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়নে আপামর দেশের বিপ্লবী জনগণ বিএনপি সরকারকে বাধ্য করবে।"