ব্যস্ত নাগরিক জীবনে দ্রুত প্রস্তুত করা যায় এবং স্বাদেও অতুলনীয়—এমন খাবারের তালিকায় চিকেন চাওমিনের অবস্থান বেশ ওপরের দিকে। ছোট-বড় সবার প্রিয় এই চাইনিজ খাবারটি এখন আর কেবল রেস্তোরাঁতেই সীমাবদ্ধ নয়; সহজ কিছু উপকরণ ব্যবহার করে ঘরেই এটি তৈরি করা সম্ভব। সঠিক পদ্ধতিতে রান্না করলে ঘরোয়া চিকেন চাওমিনেও পাওয়া যাবে রেস্তোরাঁর সেই বিশেষ স্বাদ ও ঘ্রাণ। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের পছন্দের তালিকায় থাকা এই খাবারটি তৈরির বিস্তারিত প্রণালি নিচে দেওয়া হলো।
চিকেন চাওমিন তৈরির উপকরণ:
চাওমিন নুডলস- ১ প্যাকেট
মুরগির বুকের মাংস (পাতলা করে কাটা)- ১ কাপ
গাজর কুচি- আধা কাপ
বাঁধাকপি কুচি- ১ কাপ
ক্যাপসিকাম- আধা কাপ
পেঁয়াজ- ১টি
কাঁচামরিচ- ৩/৪ টি
রসুন কুচি- ১ টেবিল চামচ
আদা কুচি- ১ চা চামচ
সয়াসস- ২ টেবিল চামচ
অয়েস্টার সস- ১ টেবিল চামচ
টমেটো কেচাপ- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
চিনি- আধা চা চামচ
তেল- ২ টেবিল চামচ
ডিম: ১টি (ঝুরি করে নেওয়ার জন্য) ইচ্ছামত
প্রস্তুত করার নিয়ম:
নুডলস সেদ্ধ: একটি পাত্রে পানি ফুটিয়ে সামান্য তেল ও লবণ দিয়ে চাউমিনগুলো সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নুডলস বেশি সেদ্ধ না হয়। সেদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিন।
মাংস ম্যারিনেট ও ভাজা: মুরগির মাংসের টুকরোগুলো সামান্য সয়া সস, গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর প্যানে সামান্য তেল দিয়ে মাংসগুলো সোনালী করে ভেজে নিতে হবে।
ডিম ভাজা: একই প্যানে আবার সামান্য তেল দিয়ে ডিমটি ভেঙে স্ক্র্যাম্বল বা ঝুরি করে আলাদা করে রাখতে হবে।
সবজি ভাজা: এবার প্যানে আরেকটু তেল গরম করে রসুন ও আদা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। এরপর গাজর, ক্যাপসিকাম ও বাঁধাকপি দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়ুন। সবজিগুলো যেন একটু ক্রিস্পি থাকে।
সবকিছু মেশানো: ভাজা মাংস, ঝুরি করা ডিম এবং সেদ্ধ করা চাউমিন সবজির মধ্যে দিয়ে দিন।
সস ও পরিবেশন: এবার সয়া সস, টমেটো কেচাপ, সামান্য অয়েস্টার সস, স্বাদমতো লবণ, সামান্য চিনি ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিতে হবে। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ২-৩ মিনিট হাই হিটে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিন।
কিছু টিপস্:
১. নুডলস বেশি সেদ্ধ করবেন না, তাহলে চাওমিন নরম হয়ে যাবে।
২. বেশি আঁচে দ্রুত নাড়লে রেস্টুরেন্টের মতো স্বাদ ও টেক্সচার পাওয়া যায়।
৩. চাইলে মাশরুম, বেবি কর্ন বা ব্রোকলি যোগ করতে পারেন।
৪. ঝাল পছন্দ হলে ফালি করা কাঁচামরিচ বা চিলি সস ব্যবহার করতে পারেন।
৫. চিংড়ি, ডিম বা অতিরিক্ত সবজি যোগ করলে স্বাদে আরও ভিন্নতা আসে।
সহজ প্রস্তুত প্রণালি, পুষ্টিকর উপকরণ এবং দারুণ স্বাদের কারণে চিকেন চাওমিন হতে পারে পরিবারের সবার পছন্দের একটি খাবার। দুপুর বা রাতের খাবার, বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন—সব ক্ষেত্রেই এই রেসিপিটি হতে পারে একটি চমৎকার পছন্দ। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করা যায় এই চাইনিজ রেসিপিটি, যা পরিবারের যেকোনো আনন্দ-উৎসবে হবে ঝটপট উপভোগ্য।