চলতি আগস্ট মাসে দুই দফায় মোট আট দিন ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এই ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে দুইবারই টানা চার দিন করে ছুটির সুযোগ তৈরি হবে।
সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওইদিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি পাওয়া যাবে।
এছাড়া আগস্টের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এক্ষেত্রে ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এই উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির বিধান প্রযোজ্য নাও হতে পারে।